যুক্তরাষ্ট্র   শনিবার ১৫ আগস্ট ২০২৬, শনিবার ৩০ শ্রাবণ ১৪৩৩

স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ০৬:০৭ AM

৫২
স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়মের অভিযোগ দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন তিনি। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রীর নির্দেশনার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) অভিযোগগুলো দ্রুত তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং তদন্ত প্রতিবেদন দ্রুত মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের জন্য বরাদ্দ খাদ্য নিয়ে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা ঠিকাদারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ, মানসম্মত ও নির্ধারিত পরিমাণ খাদ্য নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। প্রতিমন্ত্রী জানান, স্কুল ফিডিং কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইতোমধ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অভিভাবকদের সমন্বয়ে পাঁচ সদস্যের ‘গার্ডিয়ান কমিটি’র মাধ্যমে নিয়মিত তদারকি, আকস্মিক পরিদর্শন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ।

মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে বাস্তবায়িত স্কুল ফিডিং কর্মসূচির মান ও কার্যকারিতা বজায় রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!