চলতি বছরের আলিম পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো শিক্ষার্থী নিজ মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না।
সোমবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রস্থিত মাদ্রাসার পরীক্ষার্থীদের অন্য কেন্দ্রে স্থানান্তরের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। বিশেষ করে যেসব উপজেলায় মাত্র একটি আলিম পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেখানে ভৌগোলিক অবস্থান ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসনকে বিকল্প ব্যবস্থা নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে কেন্দ্রস্থিত মাদ্রাসার পরীক্ষার্থীদের পার্শ্ববর্তী উপজেলার কোনো মাদ্রাসা কেন্দ্রে স্থানান্তর করা যেতে পারে। বিকল্পভাবে সংশ্লিষ্ট উপজেলার অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে—যা মাদ্রাসা নয়—অস্থায়ী কেন্দ্র স্থাপন করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থাও করা যেতে পারে।
মাদ্রাসা শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, আলিম পরীক্ষার জন্য কোনো উপকেন্দ্র বা ভেন্যু কেন্দ্র স্থাপনের সুযোগ থাকবে না।
বোর্ডের কর্মকর্তারা বলছেন, পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত ও নকল প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!