বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়াতে সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ করে স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে নিজ দপ্তরে যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশন্স’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
বৈঠকে শিক্ষা ও সামাজিক খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার, উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং বিভিন্ন যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে চার্লস জে. হার্ডার বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও পুষ্টিহীনতার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে। তিনি ‘স্কুল মিল’ কর্মসূচি, শিশুস্বাস্থ্য ও পুষ্টি খাতে সহযোগিতা আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেন।
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার, সারাদেশে ‘মিড ডে মিল’ চালু, শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম প্রদান এবং খেলাধুলার সুযোগ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কারিগরি শিক্ষার প্রসার, বিদ্যালয়ে ক্রীড়া ও কৃষি শিক্ষক নিয়োগ এবং শিক্ষাকে আরও আনন্দমুখর করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুততর করার পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণ সহযোগিতা বাড়ানোরও আহ্বান জানান।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!