যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ৩০ বৈশাখ ১৪৩৩

বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ AM

১৮
বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য করা হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, সরকারি ও বেসরকারি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ আনুপাতিক হারে নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি স্কুলের আটজন শিক্ষার্থীর মধ্যে একজন বৃত্তির সুযোগ পাচ্ছে, আর বেসরকারি স্কুলের পাঁচজনে একজন শিক্ষার্থী এ সুযোগ পাচ্ছে। “আনুপাতিক হিসাবে দেখলে বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের ক্ষেত্রেও সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে,” বলেন তিনি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী। এর মধ্যে সরকারি স্কুলের শিক্ষার্থী সাড়ে ৫ লাখ এবং বেসরকারি স্কুলের প্রায় ৯০ হাজার।

মোট বৃত্তি দেওয়া হবে প্রায় ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে। এর মধ্যে সরকারি স্কুলের শিক্ষার্থী ৬৬ হাজার এবং বেসরকারি স্কুলের শিক্ষার্থী প্রায় ১৬ হাজার ৫০০ জন। বৃত্তির অনুপাত সরকারি স্কুলে ৮:১ এবং বেসরকারি স্কুলে প্রায় ৫.৫:১।

পরীক্ষা কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, “সরেজমিনে এসে দেখলাম, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভিন্ন কেন্দ্র থেকেও ইতিবাচক তথ্য পাওয়া যাচ্ছে।” তিনি জানান, প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃত্তি পরীক্ষা শিক্ষার্থী ও অভিভাবকদের পাঠ্যক্রমমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অংশীজনদের মতামত নিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালা হালনাগাদ করা হবে। বৃত্তির অর্থের পরিমাণ ও সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর বিষয়েও পর্যালোচনা করা হবে।

পরে প্রতিমন্ত্রী মোহাম্মদপুরের আরও কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!