যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ৩০ বৈশাখ ১৪৩৩

এপ্রিলে রেমিট্যান্স ৩৮ হাজার কোটি টাকা, ঈদকে কেন্দ্র করে প্রবাহ বেড়েছে

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৬:১৪ AM

২৫
এপ্রিলে রেমিট্যান্স ৩৮ হাজার কোটি টাকা, ঈদকে কেন্দ্র করে প্রবাহ বেড়েছে

চলতি বছরের এপ্রিল মাসে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। সদ্য সমাপ্ত মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ হাজার কোটি টাকার বেশি।

রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে মোট রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ৭০ লাখ ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা ধরে) এর পরিমাণ দাঁড়ায় ৩৮ হাজার ৩৬৮ কোটি টাকার বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু কেনা ও পারিবারিক খরচ মেটাতে প্রবাসীরা আগেভাগেই বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন। এর ফলে এপ্রিল মাসে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি দেখা গেছে।

খাত সংশ্লিষ্টদের মতে, এই বাড়তি রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। এর আগে মার্চ মাসে প্রবাসীরা ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠান, যা ছিল একক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে দেশে মোট ২ হাজার ৯৩৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ২ হাজার ৪৫৪ কোটি ডলার।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!