রাজধানীর ভাষানটেক এলাকায় নাগরিক নিরাপত্তা জোরদার ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ৪৫০টি সোলার-ভিত্তিক এলইডি সড়কবাতি স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
রোববার রাতে ভাষানটেক বেনারসি পল্লীর ২ নম্বর গেটসংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এসব সড়কবাতির উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে ডিএনসিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভাষানটেক বস্তিতে সোলার স্ট্রিট লাইট স্থাপন সেই উদ্যোগেরই অংশ। তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, “এই লাইটগুলো আপনাদের টাকায় স্থাপন করা হয়েছে। এগুলো আপনাদের সম্পদ—রক্ষণাবেক্ষণের দায়িত্বও আপনাদের নিতে হবে।”
নিম্নআয়ের মানুষের সমস্যাকে অগ্রাধিকার দিয়ে সমাধানের আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম টেকসই করতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে এলাকায় মাদক, চুরি ও ছিনতাই কমিয়ে আনার লক্ষ্য রয়েছে। তিনি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে অভিভাবকদের সন্তানদের অনলাইন কার্যক্রমের দিকে নজর রাখার আহ্বান জানান।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!