দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম পণ্য আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ২০২৬ সালের জুন থেকে আগস্ট মেয়াদের জন্য গ্যাস অয়েল, জেট এ-১ ফুয়েল, ফার্নেস অয়েল ও অকটেন আমদানির চারটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ চারটি পৃথক ক্রয়প্রস্তাব উপস্থাপন করে। এর মধ্যে প্যাকেজ-১ এর আওতায় সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ইউনিপেক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড প্রায় ৭ হাজার ৬৭৩ কোটি টাকা ব্যয়ে গ্যাস অয়েল ও জেট এ-১ ফুয়েল সরবরাহ করবে।
একই ধরনের জ্বালানি পণ্যের জন্য প্যাকেজ-২ এর আওতায় প্রায় ৬ হাজার ৭১২ কোটি টাকা ব্যয়ে সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডকে নির্বাচিত করা হয়েছে।
এ ছাড়া প্যাকেজ-৩ এর আওতায় প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে ফার্নেস অয়েল আমদানির অনুমোদন পেয়েছে ট্রাফিগুরা প্রাইভেট লিমিটেড। অন্যদিকে প্যাকেজ-৪ এর অধীনে প্রায় ৭৪৯ কোটি টাকা ব্যয়ে গ্যাসোলিন-৯৫ (অকটেন) সরবরাহ করবে ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একাধিক সরবরাহকারীর মাধ্যমে ডিজেল ও বিমান জ্বালানি সংগ্রহের ফলে সরবরাহব্যবস্থা আরও বহুমুখী হবে। এতে আমদানি কার্যক্রমে বিঘ্ন ঘটার ঝুঁকি কমবে এবং দেশের জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সহজ হবে।
তাঁরা বলেন, অভ্যন্তরীণ চাহিদা পূরণ এবং বিদ্যুৎ, শিল্প ও পরিবহন খাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ আমদানি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!