যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

জর্ডানে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৫:১২ AM

জর্ডানে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি

জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-আজরাক বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ বৃহস্পতিবার (১১ জুন) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ হামলার দায় স্বীকার করেছে।

আইআরজিসি জানিয়েছে, তারা ঘাঁটিটিতে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের দাবি, হামলায় ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ এবং এফ-১৬ যুদ্ধবিমানগুলো লক্ষ্য করে আঘাত হানা হয়েছে এবং এতে একাধিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যতক্ষণ “শত্রুতামূলক আচরণ” অব্যাহত রাখবে, ততক্ষণ পাল্টা জবাবও চলবে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জর্ডানে অবস্থানরত নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, জর্ডানের আকাশে ক্ষেপণাস্ত্র, ড্রোন বা রকেট শনাক্ত করা হয়েছে এবং সবাইকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘিরে উত্তেজনা তৈরি হয়। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ ওঠে।

সূত্র: আল জাজিরা

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!