যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ই-হেলথ কার্ড চালু হবে: প্রধানমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৪:৪৭ AM

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ই-হেলথ কার্ড চালু হবে: প্রধানমন্ত্রী

আগামী ১৮০ দিনের মধ্যে দেশের পাঁচ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ বিষয়ে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি অনুমোদিত হলে প্রথম পর্যায়ে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলার বাসিন্দাদের জন্য ই-হেলথ কার্ড সেবা চালু করা হবে। এই কার্ড ইলেকট্রনিক রেফারেল সিস্টেম ও ইলেকট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকবে।

সরকারের ১৮০ দিনের কর্মসূচির বিভিন্ন অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ৬০ হাজার ৪৪টি পরিবারকে কার্ড দেওয়া হয়েছে। কৃষক কার্ড কর্মসূচির প্রি-পাইলট পর্যায়ে ২০ হাজার ৭৪৮ জন কৃষককে কার্ড প্রদান করা হয়েছে।

তিনি জানান, শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে এ সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ৬৬৬টি খাল খনন ও পুনঃখনন কার্যক্রম চলমান রয়েছে। এ পর্যন্ত খনন বা পুনঃখনন করা খালের মোট দৈর্ঘ্য ৯৬৫ কিলোমিটারের বেশি।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যের অংশ হিসেবে আসন্ন বর্ষা মৌসুমে প্রায় ৩ কোটি ১৪ লাখ চারা রোপণ করা হবে। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিশুর মধ্যে বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া শিক্ষার্থী ঋণের সীমা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সম্প্রসারণ এবং কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা বিকাশে বিভিন্ন কর্মসূচির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বিকেল তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী নির্ধারিত প্রশ্নের পাশাপাশি সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নেরও জবাব দেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!