যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

জিয়ার আমলেই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিল: এ্যানি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৪:৪৭ AM

জিয়ার আমলেই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিল: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েই দেশে কৃষি ব্যাংক ও কৃষি ঋণের ব্যাপক বিস্তার ঘটে। কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে তিনি খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। বর্তমানে সেই কর্মসূচির পুনর্জাগরণ হচ্ছে।

বুধবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কৃষি ব্যাংক মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ্যানি বলেন, জিয়াউর রহমানের আমলেই মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানির পথ সুগম হয় এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে দিশেহারা জাতিকে সংগঠিত করেছিলেন বলেও মন্তব্য করেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার খাল, পুকুর ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের মাধ্যমে পানির প্রবাহ বাড়বে, কৃষিতে সেচ সুবিধা সম্প্রসারিত হবে, মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতা কমবে।

তিনি বলেন, কৃষি ব্যাংক দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান। জনগণের প্রত্যাশা পূরণে ব্যাংকটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!