যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে আইনি লড়াই জোরদারের ঘোষণা

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৪:৪৬ AM

মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে আইনি লড়াই জোরদারের ঘোষণা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, বেহাত হওয়া রাষ্ট্রীয় সম্পত্তি পুনরুদ্ধার এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের লক্ষ্যে আইনি লড়াই আরও জোরদার করা হবে। একই সঙ্গে মুক্তিযোদ্ধা তালিকায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে।

বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন রিট মামলা, চাকরিসংক্রান্ত মামলা, প্রশাসনিক ট্রাইব্যুনাল মামলা ও আদালত অবমাননার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন কারণে সরকারি মামলাগুলোতে রাষ্ট্রের স্বার্থ যথাযথভাবে সংরক্ষিত হয়নি। তবে বর্তমানে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা সমন্বিতভাবে রাষ্ট্রের স্বার্থ রক্ষায় কাজ করছেন। এ ধরনের কর্মশালার মাধ্যমে আইন কর্মকর্তাদের মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে উঠবে এবং বিদ্যমান আইনি জটিলতা নিরসনের পথ সহজ হবে।

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন রাষ্ট্রীয় সম্পত্তি পুনরুদ্ধারের প্রসঙ্গ তুলে আহমেদ আযম খান বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে রাষ্ট্রের উল্লেখযোগ্য সম্পদ বেহাত হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব সম্পত্তি পুনরুদ্ধারে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই।

মুক্তিযোদ্ধা ও শহীদদের তালিকা প্রণয়নের বিষয়ে তিনি বলেন, জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ এই তথ্যসমূহ নির্ভুলভাবে সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। অতীতের বিভিন্ন সিদ্ধান্ত ও প্রক্রিয়া নিয়ে যে বিতর্ক রয়েছে, তা তথ্য-উপাত্ত, গবেষণা ও আইনি কাঠামোর ভিত্তিতে পর্যালোচনা করা প্রয়োজন।

মন্ত্রী জানান, গত কয়েক বছরে বিভিন্ন অনিয়মের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ যাচাই-বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে মন্ত্রণালয় কাজ করছে।

তিনি বলেন, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন, অথচ রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণ করছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এতে সরকারি অর্থের অপচয় রোধের পাশাপাশি প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান আরও সুদৃঢ় হবে।

দেশের উন্নয়ন ও সংস্কার কার্যক্রমের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে সবাইকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মশালায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম, সলিসিটর উইং ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কর্মকর্তাসহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা অংশ নেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!