ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মালিকানা ও শেয়ার কাঠামো নিয়ে চলমান বিতর্কের মধ্যে প্রকৃত ও বৈধ মালিকদের হাতে শেয়ার ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে ৬৮ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের শেয়ার মালিকানা নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে। কে কীভাবে শেয়ার কিনেছেন এবং মালিকানা হস্তান্তরের পেছনে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে প্রয়োজন হলে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তদন্তের দায়িত্ব দেওয়া হবে।
তিনি বলেন, দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের স্বার্থে ব্যাংকটির শেয়ার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস) নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, প্রকল্পটির আওতায় বিতরণ করা বিপুল অঙ্কের অর্থের ব্যবহার ও কার্যকারিতা নিয়ে তদন্ত প্রয়োজন। অনিয়মের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ব্যাংকটির প্রশাসনিক কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অতীতে বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে এবং নতুন নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রেও নানা অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের ক্ষমতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রয়োজন হলে কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন বা বাতিল করার ক্ষমতা রয়েছে। আমানতকারীদের স্বার্থ ক্ষুণ্ন হলে বা জনস্বার্থে প্রয়োজন দেখা দিলে বাংলাদেশ ব্যাংক তার নিয়ন্ত্রক ক্ষমতা প্রয়োগ করতে পারবে।
তিনি আরও বলেন, ব্যাংক খাতে অনিয়ম, ঋণ কেলেঙ্কারি ও অর্থ পাচারের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আর্থিক খাতকে স্থিতিশীল ও স্বচ্ছ রাখতে সরকার বদ্ধপরিকর। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!