যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

আদ্-দ্বীনের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্য অধিদপ্তর

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৫:৪৩ AM

১১
আদ্-দ্বীনের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্য অধিদপ্তর

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জবাব পর্যালোচনা করে বিদ্যমান আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

গতকাল মঙ্গলবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত জবাব জমা দেয়। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পর অতিরিক্ত ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ নোটিশের জবাব জমা দিয়েছে। জবাব ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে নবজাতকদের মৃত্যুর ঘটনায় একাধিক অনিয়ম ও অবহেলার তথ্য উঠে আসে। প্রতিবেদনে ওয়ার্ডে অক্সিজেনের স্বল্পতা, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের অনুপস্থিতি, নার্স ও অন্যান্য কর্মীদের দায়িত্বে অবহেলা এবং হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কথা উল্লেখ করা হয়।

ওই প্রতিবেদনের ভিত্তিতে গত ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান পরিচালনা–সংক্রান্ত বিদ্যমান আইন অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স, সেবার মান ও রোগীর অধিকারসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হবে। প্রয়োজন হলে রাষ্ট্রের আইন কর্মকর্তাদের মতামতও নেওয়া হবে।

গত ৭ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছিলেন, তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে। নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, হাসপাতালটি গত তিন বছর ধরে অগ্নিনিরাপত্তাসংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পরিচালিত হয়ে আসছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো তাদের নিজ নিজ আইনের আওতায় ব্যবস্থা নেবে।

অন্যদিকে, ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে আইনজীবী শিশির মনির এক সংবাদ সম্মেলনে দাবি করেন, শোকজের জবাবের আগেই লাইসেন্স বাতিলের ইঙ্গিত দেওয়া আইনসম্মত নয়। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হাসপাতালকে দেওয়া নোটিশ সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই জারি করা হয়েছে।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায় নিরূপণ ও পরবর্তী ব্যবস্থা নিয়ে এখন স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!