দেশের জ্বালানি খাতে অর্থনৈতিক সহনশীলতা বাড়ানো এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশকে ৩১ কোটি ২০ লাখ মার্কিন ডলার ঋণ দিচ্ছে জাপান। সহজ শর্তে দেওয়া এ ঋণের বিষয়ে দুই দেশের মধ্যে প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষর হয়েছে।
মঙ্গলবার ঢাকায় জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি সরবরাহ নিশ্চিতে জরুরি সহায়তাসংক্রান্ত ‘এক্সচেঞ্জ অব নোটস’ এবং ঋণচুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং জাপানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত Saida Shinichi ও Japan International Cooperation Agency-এর প্রধান প্রতিনিধি তাকাহাসি জুনকো চুক্তিতে সই করেন।
চুক্তির আওতায় জাপান বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েনের সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) ঋণ দেবে, যার পরিমাণ প্রায় ৩১ কোটি ২০ লাখ মার্কিন ডলার।
জাপান দূতাবাস জানায়, এ অর্থ দেশের জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখা, জ্বালানি সরবরাহ সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপ মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচিকে উদ্ধৃত করে বলা হয়, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই সময়ে জাপানের সহায়তা দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্বের প্রতিফলন। তিনি বলেন, কৌশলগত অংশীদারত্ব এবং অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ জাপানের একটি গুরুত্বপূর্ণ অংশীদার।
সাম্প্রতিক বছরগুলোতে অবকাঠামো, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে জাপান বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে। নতুন এ ঋণচুক্তি সেই সহযোগিতাকে আরও সম্প্রসারিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!