এ প্রজন্মের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। চলচ্চিত্র দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ছোট পর্দার কাজেই বেশি ব্যস্ত তিনি। সম্প্রতি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ ‘সায়রা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেত্রী।
নাটকটিতে চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে, বাস্তব জীবনেও অনেকেই তাকে নাম ধরে নয়, ‘সায়রা’ বলেই ডাকছেন। শনিবার রাতে অনুষ্ঠিত হয় নাটকটির সাকসেস পার্টি। সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন সুনেরাহ বিনতে কামাল।
এ সময় তিনি জানান, চরিত্রটির কারণে এখন অনেকেই তাকে ‘সায়রা’ নামেই চিনে ফেলছেন। সুনেরাহ বলেন, “সত্যিই, আমি যেখানেই যাই, সবাই সায়রা বলে ডাকে। ক’দিন আগে এক আন্টিও আমাকে ‘সায়রা’ বলে ডাকলেন। আমি বললাম, আমার নাম তো সুনেরাহ। তিনি বললেন, না, আমি তোমাকে সায়রাই বলব।”
চরিত্রের নামেই পরিচিতি পাওয়াকে নিজের জন্য বড় অর্জন বলে মনে করছেন এই অভিনেত্রী। তিনি আরও বলেন, “আজ নাটকটির সাকসেস পার্টি হচ্ছে। দর্শক আমাকে যেভাবে সায়রা হিসেবে গ্রহণ করেছেন, নিজের পরিবারের সদস্য মনে করছেন—এটা আমার জন্য বড় সাফল্য।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, অভিনেতা ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, অভিনেত্রী কেয়া পায়েলসহ অনেকে।
উল্লেখ্য, গত ৮ মে ধারাবাহিক নাটকটির শেষ পর্ব প্রচারিত হয়। নতুন সিজন আসবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি নির্মাতারা।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!