যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক বিতর্ক নিয়ে যা জানাল বিসিবি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:৫৭ AM

বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক বিতর্ক নিয়ে যা জানাল বিসিবি

বিপিএলের দ্বাদশ আসর শেষ হয়েছে প্রায় এক সপ্তাহ আগে। টুর্নামেন্টের নতুন ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রাজশাহী ওয়ারিয়র্স ফাইনালের আগেই ক্রিকেটার ও কোচদের পারিশ্রমিক শতভাগ পরিশোধ করেছে। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিও বেশিরভাগ টাকা ইতোমধ্যে পরিশোধ করেছে বলে নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মিঠু বলেন, ‘প্লেয়ারদের পেমেন্ট নিয়ে এখনও আমাদের কিছু জানায়নি। প্রথম থেকেই নিরাপত্তা হিসেবে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি জমা আছে। আমরা সব ফ্র্যাঞ্চাইজিকে চিঠি দিয়েছি, তোমরা আমাদের জানাও প্লেয়ারদের পেমেন্টের স্ট্যাটাস কী। এর পরে আমরা খেলোয়াড়দের সঙ্গে সরাসরি যোগাযোগ করব। ১৫ ফেব্রুয়ারির মধ্যে সব পেমেন্ট দিতে বলা হয়েছে। যদি কোনো টাকা বাকি থাকে, তা গ্যারান্টি থেকে পরিশোধ করা হবে।’

নোয়াখালী এক্সপ্রেসের উদাহরণ উল্লেখ করে মিঠু জানান, ‘নোয়াখালী আগেই হিসাব দিয়েছিল। এরপর সব প্লেয়ারের সঙ্গে যোগাযোগ করেছি, অনেক টাকা দেওয়া হয়েছে। কাগজে-কলমে এখনও ১ কোটি বাকি আছে। আমাদের কাছে পে-অর্ডার আছে ২ কোটি টাকা। বিদেশি প্লেয়ারদের সঙ্গে এখন যোগাযোগ করা হবে। ১৫ দিনের মধ্যে সব শেষ না হলে মালিকদের সঙ্গে বসে বাকি টাকাও পরিশোধ করানো হবে।’

তিনি আরও জানান, ‘রাজশাহী সবাইকে পেমেন্ট করে সার্টিফিকেট নিয়েছে। চট্টগ্রাম ৫০ শতাংশ দিয়েছে, ৫০ শতাংশ প্রসেসে আছে। রংপুর সবসময় ভালোভাবে দেয়। ঢাকা ও সিলেটও যোগাযোগ করেছে, তাদের লিস্ট দিতে হবে।’

এর আগে হঠাৎ করে সিলেট টাইটান্স ছেড়ে পাকিস্তানে চলে যান তারকা পেসার মোহাম্মদ আমির। মিঠু বলেন, ‘আমির ছাড়া সিলেট পুরো টাকা দিয়েছে। ওর চুক্তি অনুযায়ী কত পেয়েছে সেটা দেখা হবে। ৫ কোটি টাকা চেক আর ৫ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি আছে।’

মিঠু আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমি অত চিন্তিত নই। সামনের ১৫ দিনে নোয়াখালী সব টাকা দিলে আমরা তাদের গ্যারান্টি ফেরত দেব।’ ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে রেভিনিউ শেয়ারিং মডেল নিয়ে তিনি জানান, ‘সবাই সমর্থন দিয়েছে। এবার গ্রাউন্ডস রাইট, টিভি রাইট ও টিকিটের আয় মিলিয়ে খরচ বাদ দিয়ে যা থাকে, তার ৩০ শতাংশ আমরা দেব।’


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!