চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার থেকে শ্রমিক ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়ে অচল হয়ে পড়েছে।
চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা ও শ্রমিক সূত্রে জানা গেছে, কর্মবিরতির কারণে কার্গো বার্থ, সিসিটি ও এনসিটিতে কার্যক্রমে বিঘ্ন ঘটছে। তবে জাহাজের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুল আজিম জানান, সকাল ৮টা থেকে বন্দরের শ্রমিক-কর্মচারীরা কোনো কাজ করছেন না এবং কোনো যন্ত্রপাতি চালু হয়নি। কর্মবিরতি বিকেল ৪টা পর্যন্ত চলবে। একই দাবিতে রোববারও কর্মবিরতি পালন করা হবে।
এর আগে বৃহস্পতিবারও বন্দরের শ্রমিকরা বন্দর ভবনের ভেতরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বন্দরের পক্ষ থেকে আন্দোলনে অংশ নেওয়া কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছে এবং শ্রমিকরা বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!