যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথে অনেকটা এগোল বাংলাদেশ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৩৬ AM

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথে অনেকটা এগোল বাংলাদেশ

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বিশ্বকাপের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। শেষ দুই ম্যাচের মধ্যে একটি জয়ে কিংবা একটি ম্যাচ পরিত্যক্ত হয়ে এক পয়েন্ট পেলেই সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করবে নিগার সুলতানা জ্যোতির দল।

নেপালের মুলাপানিতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে। জবাবে থাইল্যান্ড ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রানেই থেমে যায়।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। প্রথম বলেই গোল্ডেন ডাক খেয়ে আউট হন দিলারা আক্তার। শারমিন আক্তার ফেরেন ৯ বলে ১১ রান করে। তবে তৃতীয় উইকেটে জুটি গড়ে ইনিংসের হাল ধরেন জুয়াইরিয়া ফেরদৌস ও শবানা মোস্তারি।

এই দুই ব্যাটার তৃতীয় উইকেটে ১১০ রানের বড় জুটি গড়েন। দুজনেই ফিফটি করেন। জুয়াইরিয়া ৪৩ বলে তিনটি চার ও চারটি ছক্কায় করেন ৫৬ রান। শবানা ৪২ বলে নয়টি চার ও একটি ছক্কায় করেন ৫৯ রান।

শেষ দিকে দ্রুত রান তুলতে পারেননি অন্য ব্যাটাররা। তবে রিতুমনি মাত্র ৬ বলে ১৫ রানের ক্যামিও খেলেন। স্বর্ণা আক্তার করেন ৪ রান, নিগার সুলতানা জ্যোতি ৬, রাবেয়া খান ৫ এবং ফাহিমা খাতুন ১ রান করেন।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারালেও মাঝের ওভারে লড়াইয়ে ছিল থাইল্যান্ড। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় জুটি গড়া হয়নি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন নাথাকান চান্থাম। নারুয়েমোল চাইহাই করেন ৩০ এবং নান্নাপাত কোনছারোয়েনকাই করেন ২৯ রান। অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের পক্ষে বোলিংয়ে উজ্জ্বল ছিলেন মারুফা ইসলাম। তিনি তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট শিকার করেন রিতুমনি ও স্বর্ণা আক্তার। আর একটি উইকেট নেন ফাহিমা খাতুন।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!