বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় সংহতি জানিয়ে পাকিস্তানের সম্ভাব্য বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তকে ‘আবেগপ্রবণ’ বলে মন্তব্য করেছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে তিনি প্রশ্ন তুলেছেন—পাকিস্তান ক্রিকেটের জন্য বাংলাদেশ আদৌ কী করেছে?
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে যখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে বিশ্বকাপ বর্জনের ইঙ্গিত দেন, ঠিক তখনই এই মন্তব্য করেন আকরাম। পরবর্তীতে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আবারও কথা বলেন তিনি।
ওয়াসিম আকরামের মতে, অন্য দেশের রাজনৈতিক বা নিরাপত্তাজনিত ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নেয়, তাহলে এর সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে পাকিস্তান ক্রিকেটই। এতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে কঠোর শাস্তির ঝুঁকিও তৈরি হতে পারে।
আকরাম বলেন, ‘বাংলাদেশ খেলতে চায় না বলে কেন পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের কথা ভাবছে? বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের জন্য কী করেছে? আমি এর কোনো যুক্তি খুঁজে পাই না। পাকিস্তান ক্রিকেটের উচিত নিজেদের দিকে নজর দেওয়া—খেলায় মনোযোগ দেওয়া এবং বিশ্বকাপ জয়ের চেষ্টা করা।’
বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান বিশ্বকাপ বয়কটের পরিকল্পনা করছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। যদিও ইতোমধ্যে দল ঘোষণা করা হয়েছে, তবে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে বিষয়টি সমাধানে তিন সপ্তাহ ধরে বাংলাদেশের সঙ্গে আলোচনা চালায় আইসিসি। কিন্তু বাংলাদেশ নিজের অবস্থান থেকে সরে না আসায় গত শুক্রবার তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এরপর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করেন, আইসিসি বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করেছে এবং বিশ্ব ক্রিকেট সংস্থার ‘দ্বিচারী নীতির’ প্রতিবাদে পাকিস্তানও বিশ্বকাপে না খেলার পথ বিবেচনা করছে। এ বিষয়ে তিনি সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। আগামী শুক্রবার অথবা সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে বলে জানা গেছে।
আরএস-রাসেল
পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট দল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!