যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসিকে ফের চিঠি বিসিবির, ডিসপিউট রেজল্যুশন কমিটিতে যাওয়ার অনুরোধ

মো: নাঈমুর রহমান

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ১০:১৫ AM

১৯
টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসিকে ফের চিঠি বিসিবির, ডিসপিউট রেজল্যুশন কমিটিতে যাওয়ার অনুরোধ

সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতেই বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে—আইসিসির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ফের চিঠি পাঠিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

আইসিসির পক্ষ থেকে বাংলাদেশকে কার্যত আলটিমেটাম দিয়ে জানানো হয়েছিল, বিশ্বকাপে অংশ নিতে হলে ভারতেই গিয়ে খেলতে হবে। তবে এ সিদ্ধান্তে আপত্তি জানিয়ে নিজেদের অবস্থানে অটল থাকে বিসিবি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে এক বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, বাংলাদেশের সামনে সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। এর মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায়, আইসিসি ভেন্যু পরিবর্তন না করলেও ভারতে গিয়ে ম্যাচ খেলতে রাজি নয় বাংলাদেশ।

আইসিসিকে আবার ই-মেইল বিসিবির

নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে গতকাল (বুধবার) আবারও আইসিসি বরাবর ই-মেইল পাঠিয়েছে বিসিবি। ওই ই-মেইলে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবিটি আইসিসির স্বাধীন ডিসপিউট রেজল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

আইসিসির কোনো সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হলে আইনজীবীদের সমন্বয়ে গঠিত এই ডিসপিউট রেজল্যুশন কমিটি বিষয়টির নিষ্পত্তি করে থাকে।

বিসিবির প্রত্যাশা

বিসিবি আশা করছে, আইসিসি তাদের অনুরোধে সাড়া দিয়ে ভেন্যু পরিবর্তনের বিষয়টি স্বাধীন ডিসপিউট রেজল্যুশন কমিটির কাছে পাঠাবে। সেখানেই এই জটিলতার সমাধান হবে বলে মনে করছে দেশের ক্রিকেট বোর্ড।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!