যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

সেনেগালের ফুটবলারদের জন্য রেকর্ড পুরস্কার: আফ্রিকান নেশন্স কাপ জয়ে মিলছে কোটি টাকার বোনাস ও জমির প্লট

মো: নাঈমুর রহমান

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ AM

১৬
সেনেগালের ফুটবলারদের জন্য রেকর্ড পুরস্কার: আফ্রিকান নেশন্স কাপ জয়ে মিলছে কোটি টাকার বোনাস ও জমির প্লট

সংগৃহীত

আফ্রিকান নেশন্স কাপ জয়ের পর সেনেগাল জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের জন্য ইতিহাস গড়া পুরস্কার ঘোষণা করা হয়েছে। অর্থ বোনাসের পাশাপাশি খেলোয়াড়দের দেওয়া হচ্ছে উপকূলীয় এলাকায় জমির প্লট। এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে।

রাজধানী ডাকারে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট এই পুরস্কার ঘোষণা করেন। অনুষ্ঠানে বিজয়ী ‘লায়ন্স অব তেরাঙ্গা’ দলকে সংবর্ধনা জানাতে হাজারো সমর্থক রাস্তায় নেমে আসে।

খেলোয়াড়দের বোনাস কত ?

সেনেগাল দলের ২৮ জন খেলোয়াড় প্রত্যেকে পাবেন ৭ কোটি ৫০ লাখ সিএফএ ফ্রাঁ করে বোনাস, যা মার্কিন মুদ্রায় প্রায় ১ লাখ ৩৫ হাজার ডলার। সব মিলিয়ে খেলোয়াড়দের জন্য মোট বোনাসের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৭ লাখ মার্কিন ডলার।

জমির প্লটও পাচ্ছেন খেলোয়াড়রা

অর্থ পুরস্কারের পাশাপাশি প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হবে ১,৫০০ বর্গমিটার আয়তনের জমির প্লট, যা দেশটির উপকূলীয় এলাকায় অবস্থিত হবে বলে জানানো হয়েছে।

ফেডারেশন ও কর্মকর্তাদের পুরস্কার

সেনেগাল ফুটবল ফেডারেশনের সদস্যরা প্রত্যেকে পাবেন ৫ কোটি সিএফএ ফ্রাঁ বোনাস ও ১,০০০ বর্গমিটার জমির প্লট। এ ছাড়া মরক্কোতে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিনিধিদলের সদস্যদের জন্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি সিএফএ ফ্রাঁ এবং ৫০০ বর্গমিটার জমি।

ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মীদের জন্যও ঘোষণা এসেছে বড় অঙ্কের পুরস্কারের। তারা মোট ৩০ কোটি ৫০ লাখ সিএফএ ফ্রাঁ বোনাস পাবেন।

সেনেগালের শিরোপা জয়

উল্লেখ্য, ফাইনালে অতিরিক্ত সময়ে স্বাগতিক মরক্কোকে ১–০ গোলে হারিয়ে চার বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো আফ্রিকান নেশন্স কাপ শিরোপা জিতে নেয় সেনেগাল।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!