ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থান নেওয়ায় আইসিসির বোর্ড সভায় কার্যত একা হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার অনুষ্ঠিত আইসিসির ভার্চুয়াল বোর্ড সভায় বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাকি সদস্য দেশগুলো বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধের বিপক্ষে অবস্থান নেয়।
আইসিসি চেয়ারম্যান জয় শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সব পূর্ণ সদস্য দেশের বোর্ড প্রতিনিধিরা। সভায় বিসিবির পক্ষে ভার্চুয়ালি অংশ নেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম। ভোটাভুটিতে ১৬ সদস্যের মধ্যে ১৪টি বোর্ডই বাংলাদেশের ভারতে না খেলার সিদ্ধান্তের বিরোধিতা করে।
আইসিসি সূত্রে জানা গেছে, বাংলাদেশ পূর্ণ সদস্য হওয়ায় সরাসরি তাদের বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়নি। তবে সংখ্যাগরিষ্ঠ বোর্ডের মতামতের ভিত্তিতে বিসিবিকে জানিয়ে দেওয়া হয়েছে—বিশ্বকাপে অংশ নিতে হলে ভারতেই খেলতে হবে। এ বিষয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা করে ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে বিসিবিকে।
নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ অংশগ্রহণ নিশ্চিত না করলে, ইউরোপিয়ান কোয়ালিফায়ার থেকে বাদ পড়া স্কটল্যান্ডকে বাংলাদেশের পরিবর্তে ‘সি’ গ্রুপে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের অবস্থানের পক্ষে আইসিসিকে চিঠি দেয় এবং প্রয়োজনে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের আগ্রহও প্রকাশ করে। তবে আইসিসির বোর্ড সভায় সেই সমর্থন বাস্তবে রূপ নেয়নি। ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, উপস্থিত বোর্ড পরিচালকদের মধ্যে কেবল পাকিস্তানই বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে।
উল্লেখ্য, নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে চলতি মাসের শুরুতে বাংলাদেশ সরকার ও বিসিবি যৌথভাবে আইসিসিকে জানায়, তারা ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাতে প্রস্তুত নয়। এরপর থেকেই বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
বর্তমানে ‘সি’ গ্রুপে বাংলাদেশের ম্যাচসূচি নির্ধারিত রয়েছে—কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচ এবং মুম্বাইয়ে নেপালের বিপক্ষে শেষ ম্যাচ। এখন ২৪ ঘণ্টার মধ্যে বিসিবির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে বিশ্ব ক্রিকেট।
বাংলাদেশ ক্রিকেট বিসিবি আইসিসি টি-২০ বিশ্বকাপ পিসিবি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!