দেশে চীনের বিওয়াইডি (BYD) ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস পিএলসি। এ লক্ষ্যে কোম্পানিটি বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেডের সঙ্গে মাস্টার সাপ্লাই ও ম্যানুফ্যাকচারিং চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা করছে।
রানার অটোমোবাইলসের পরিচালনা পর্ষদের ২০ মার্চের সভায় বিষয়টি অনুমোদন করা হয়। সভায় কোম্পানির বর্তমান ব্যবসায়িক পরিস্থিতিও পর্যালোচনা করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি কর্তৃপক্ষ জানায়, এ অংশীদারিত্ব বাংলাদেশের অটোমোবাইল শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে। চীনের শেনঝেনের পিংশান এলাকায় অবস্থিত বিওয়াইডির সঙ্গে এ অংশীদারিত্ব রানারের ব্যবসা সম্প্রসারণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।
রানার অটোমোবাইলসের ২০১৯ সালের তথ্য অনুযায়ী, অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১১৩ কোটি ৫৪ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪৪০ কোটি ৬৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৩৫ লাখ ৩৯ হাজার ৯৩২। এর ৫০.৪৮ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, ২৪.৯০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে এবং ২৪.৬২ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
এই উদ্যোগ দেশের অটোমোবাইল শিল্পকে বৈদ্যুতিক গাড়ির দিকে আরও এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!