যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

শেরপুরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা দেখতে চায় জনগণ: জামায়াত আমির

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:০১ AM

শেরপুরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা দেখতে চায় জনগণ: জামায়াত আমির

শেরপুরে জামায়াতে ইসলামীর এক নেতাকে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কী ভূমিকা রাখে, তা জনগণ দেখতে চায়। একই সঙ্গে তারা কেমন নির্বাচন জাতিকে উপহার দেয়, সেটিও মানুষ পর্যবেক্ষণ করবে।

আজ বুধবার (২৮ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন জামায়াত আমির।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, শেরপুর-৩ আসনের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম ওই দিন শহীদ হন। বিকেলে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার আয়োজনে ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকদের সঙ্গে চেয়ার বসানো নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত সমর্থকদের ওপর হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, এ ঘটনায় জামায়াতে ইসলামীর ৫০ জনের বেশি সমর্থক আহত হন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে মাওলানা রেজাউল করিম মারা যান।

নিহতের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, আল্লাহ তায়ালা যেন তাঁকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতবাসী করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে জামায়াত আমির বলেন, “এখন আইনশৃঙ্খলা রক্ষাকারীদের ভূমিকা জনগণ দেখতে চায়। যারা এ হত্যাকাণ্ডে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন। কোনো ধরনের গড়িমসি জাতি বরদাশত করবে না।”

তিনি আরও বলেন, ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!