যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

১২ তারিখের পর আমি হবো আপনার পাহারাদার: আসাদুল হাবিব দুলু

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:২৪ AM

১৩
১২ তারিখের পর আমি হবো আপনার পাহারাদার: আসাদুল হাবিব দুলু

লালমনিরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী আসাদুল হাবিব দুলু ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির পর তিনি জনগণের পাহারাদার হবেন।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত ষষ্ঠ দিনের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশ্বাস দেন, সবাই শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে জীবনযাপন করতে পারবে এবং ধর্মীয় উৎসবগুলো আনন্দঘন পরিবেশে উদযাপন করা সম্ভব হবে।

দুলু বিএনপির রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” নীতিতে বিশ্বাস করে দলটি। রাষ্ট্রের মালিকানা সব নাগরিকের—ধনী-গরিব, সমতল-পাহাড়ি নির্বিশেষে। তবে তিনি অভিযোগ করেন, বারবার এই মালিকানা ক্ষুণ্ন করা হয়েছে এবং দেশকে সঠিক পথে ফেরাতে বিএনপি সংগ্রাম করে যাচ্ছে।

তিনি আরও বলেন, হাট-বাজারসহ সর্বত্র ভোট ও প্রার্থী নিয়ে আলোচনা চলছে এবং জনগণের সেই আলোচনার মধ্য দিয়েই সমাধান বের করা সম্ভব। দুলু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধে তার ভূমিকার কথাও স্মরণ করান।

বক্তব্যের শেষ দিকে তিনি জানান, নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন। অতীতে স্বল্প সময়ের দায়িত্বে থেকেও উন্নয়নের নজির স্থাপন করেছিলেন উল্লেখ করে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট মহিউদ্দিন লিমন, জেলা যুবদলের সহ যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লাভলু ও জেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!