যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের কর্মকর্তারা ন্যায্য পদোন্নতির দাবি জানালেন

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:০২ AM

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের কর্মকর্তারা ন্যায্য পদোন্নতির দাবি জানালেন

রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক—সোনালী, রূপালী, জনতা ও অগ্রণীর কর্মকর্তা-কর্মচারীরা ন্যায্য ও নিয়মিত পদোন্নতির দাবি জানিয়েছেন। দীর্ঘদিন ধরে পদোন্নতি কার্যক্রম স্থবির থাকায় কর্মকর্তাদের মধ্যে হতাশা ও বৈষম্য তৈরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে কর্মকর্তা-কর্মচারীরা জানান, ২০২৪ সালের ১৪ অক্টোবর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা একটি স্মারকের কারণে নিয়মিত পদোন্নতি কার্যত বন্ধ হয়ে গেছে। ওই স্মারকে বলা হয়, সুপার নিউমারারি পদোন্নতি আত্মীকরণ বা সমন্বয় না করা পর্যন্ত কোনো নিয়মিত পদোন্নতি দেওয়া যাবে না।

কর্মকর্তারা দাবি করেন, সুপার নিউমারারি পদোন্নতির সঙ্গে নিয়মিত পদোন্নতির কোনো সাংঘর্ষিক সম্পর্ক বা আইনগত বাধা নেই। দেশের অন্যান্য সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সুপার নিউমারারি পদোন্নতি চালু থাকলেও নিয়মিত পদোন্নতি বন্ধ রাখা হয় না।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৪ সালের পদোন্নতি সংশ্লিষ্ট বছরের শূন্য পদ অনুযায়ী এবং ৩১ ডিসেম্বর ২০২৪ কাট-অফ তারিখ ধরে প্রতিটি ব্যাংকের নিজস্ব পদোন্নতি নীতিমালা অনুযায়ী দেওয়া হোক। নতুন অর্গানোগ্রাম অনুমোদনের পর সুপার নিউমারারি পদোন্নতি তিন ধাপে আত্মীকরণ বা সমন্বয় করার দাবি জানানো হয়েছে।

এছাড়া ৩১ ডিসেম্বর ২০২৫ কাট-অফ তারিখ ধরে দ্বিতীয় দফা নিয়মিত পদোন্নতি দেওয়ার আহ্বান জানানো হয়। প্রতিটি পদোন্নতি কার্যকরের তারিখ ১ জানুয়ারি থেকে কার্যকর করতে হবে বলেও উল্লেখ করা হয়।

মানববন্ধনে মো. মোতাহের হোসেন রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে বক্তব্য দেন। অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!