যুক্তরাষ্ট্র   রবিবার ৫ এপ্রিল ২০২৬, রবিবার ২১ চৈত্র ১৪৩২

বিএনপি আরও ভয়ংকর স্বৈরাচারী রূপে আবির্ভূত হতে চায়: খেলাফত মজলিস

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৩২ AM

বিএনপি আরও ভয়ংকর স্বৈরাচারী রূপে আবির্ভূত হতে চায়: খেলাফত মজলিস

গণভোটের মাধ্যমে সুনির্দিষ্ট বিষয়ে জনগণের সুস্পষ্ট রায় দেওয়ার পরও সংবিধানের সংস্কার করতে চায় না সরকার, উল্টো সেই সংবিধানে কিছু সংশোধনী এনে বিএনপি আরও ভয়ংকর স্বৈরাচারী রূপে আবির্ভূত হতে চায়—এমন মন্তব্য করেছেন মাওলানা মামুনুল হক, বাংলাদেশের খেলাফত মজলিস-এর আমির।

শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, “সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে গণভোটে নির্দিষ্ট বিষয়ে জনগণের সুস্পষ্ট রায় অমান্য করছে বিএনপি। পৃথিবীর কোনো সভ্য দেশে সরকার নিজ জনগণের সঙ্গে এমন ধৃষ্টতা প্রদর্শন করেছে—আমাদের জানা নেই।”

তিনি আরও বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অসংখ্য অধ্যাদেশ এখন বাতিল ও সংশোধন করছে বিএনপি। অথচ জারির সময় তারা কোনো বিরোধিতা করেনি; বরং কিছু অধ্যাদেশকে স্বাগত জানিয়েছিল। এসব কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতাসীন সরকার মূলত গণভোটের রায়কে অমান্য করছে, যা একটি ভয়ংকর সংকটের সূচনা।

বৈঠকে মামুনুল হক আগামী ১০ এপ্রিল দেশব্যাপী জেলা-উপজেলায় বিক্ষোভ এবং ২৪ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ সফল করার জন্য নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এছাড়া বৈঠকে খেলাফত মজলিস নেতারা সংস্কৃতিমন্ত্রীর বিভিন্ন মন্তব্য, দেশে তেল সংকট, শিশুদের টিকার ঘাটতি এবং ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা সরকারের কাছে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানান এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, মুফতি সাঈদ নূর, মাওলানা কোরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আবদুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী ও মাওলানা শরীফ সাইদুর রহমান।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!