যুক্তরাষ্ট্র   রবিবার ৫ এপ্রিল ২০২৬, রবিবার ২১ চৈত্র ১৪৩২

দ্রুত কাউন্সিলের সিদ্ধান্ত বিএনপির

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৫:১৬ AM

দ্রুত কাউন্সিলের সিদ্ধান্ত বিএনপির

দলকে পুনর্গঠনের লক্ষ্যে দ্রুততম সময়ে জাতীয় কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করতে শিগগিরই কাউন্সিল আয়োজন করা হবে। তিনি জানান, এ বিষয়ে স্থায়ী কমিটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় জ্বালানি পরিস্থিতি, হামের প্রাদুর্ভাবসহ সাম্প্রতিক বিভিন্ন বিষয় এবং সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর পরপর কাউন্সিলের মাধ্যমে নতুন নির্বাহী কমিটি গঠনের বিধান রয়েছে। তবে দলটির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। এরপর দীর্ঘ সময় পার হলেও নানা কারণে আর কাউন্সিল হয়নি।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ মার্চ বিএনপি প্রতিষ্ঠা করেন। দলটি প্রতিষ্ঠার আগে ১৯৭৭ সালে তিনি ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন, যার ভিত্তিতে পরবর্তীতে বিএনপির যাত্রা শুরু হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!