ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১৫ জন; জামায়াতের ইউনিয়ন আমিরসহ ১০ জন ও বিএনপির ৫ কর্মী। আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় ভোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জামায়াত নেতাদের প্রচারণা চলাকালে বিএনপি কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই দলের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনার বিষয়ে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন। বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির মাওলানা মাকসুদুর রহমান দাবি করেন, বিএনপি কর্মীর নেতৃত্বে নেতাকর্মীরা হামলা চালিয়েছে। অপরদিকে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী মো. আজম বলেন, জামায়াত নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে।
ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এখনও লিখিত অভিযোগ পাইনি; অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!