নির্বাচিত হলে চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা সমাধান এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা বলেছেন জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম–৯ (কোতোয়ালী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ কে এম ফজলুল হক।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ড. ফজলুল হক বলেন, চট্টগ্রাম নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা। নগরীর খালগুলো বর্জ্যে ভরে যাওয়ায় নিয়মিত জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এ সমস্যা সমাধানে কার্যকর বর্জ্য অপসারণ নীতিমালা প্রণয়ন এবং খাল ও সড়ক নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
হকার পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কিছু বাস্তবসম্মত পরিকল্পনা রয়েছে। বিভিন্ন এলাকায় নির্দিষ্ট দিনে ‘ফ্লাইয়িং মার্কেট’ চালু করা হলে হকারদের পুনর্বাসন সম্ভব হবে এবং একই সঙ্গে যানজট কমবে।
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ড. ফজলুল হক বলেন, নগরীর বস্তি এলাকায় স্বাস্থ্যসেবা খুবই অপ্রতুল। অনেক সময় এসব এলাকার মানুষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বা জেনারেল হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় সেবা পায় না। ফলে শহরের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতালের পরিচালক ও চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বোর্ড সদস্য আমেনা শাহীনসহ সংশ্লিষ্টরা।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!