যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

নির্বাচনের ফল পরিবর্তনের চেষ্টা চলছে: মির্জা আব্বাস

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:৪৩ AM

নির্বাচনের ফল পরিবর্তনের চেষ্টা চলছে: মির্জা আব্বাস

নির্বাচনের ফল পরিবর্তনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৮ আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেছেন, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সামনে কী ঘটবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শান্তিনগরের ইস্টার্ন প্লাস মার্কেটে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, কিছু প্রার্থীর কার্যকলাপ ও আচরণে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আভাস পাওয়া যাচ্ছে। বাস্তবতা অনুধাবন করতে হবে। একটি বিশেষ গোষ্ঠী নির্দিষ্ট কয়েকজনকে জেতানোর জন্য মরিয়া হয়ে উঠেছে বলেই মনে হচ্ছে।

নির্বাচনী মাঠে নতুন প্রার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, আগে তিনি আরও শক্ত প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে নির্বাচন করেছেন, কিন্তু সেসব নির্বাচনে ব্যক্তিগত আক্রমণ বা কুরুচিপূর্ণ বক্তব্য ছিল না। এখন সারাদিন তাঁকে নিয়ে বিষোদগার করা হচ্ছে, অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে এবং তাঁকে উত্তেজিত করার চেষ্টা চলছে।

মির্জা আব্বাস বলেন, ‘মানুষ সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম নেয়। কিন্তু আমার এখানে এমন একজন প্রার্থী আছেন, যিনি দিনের শুরুতেই আমার নাম নেন।’ তবে এসব প্রচেষ্টায় তিনি বিচলিত নন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমি বহু নির্বাচন মোকাবিলা করেছি। যারা এসব করছে, তারা আমার সন্তানের বয়সী। আমি আশা করব, নির্বাচনী আচরণবিধি মেনে সবাই রাজনীতি করবে এবং ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকবে।’

বিএনপির এই নেতা বলেন, তিনি জনগণের প্রতি শ্রদ্ধাশীল এবং বিশ্বাস করেন, জনগণই শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেবে। নির্বাচনী পরিবেশ ঘিরে যে উচ্ছ্বাস ও আবেগ সৃষ্টি হয়েছে, তার প্রতিফলন ভোটের দিন, ১২ ফেব্রুয়ারি দেখা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!