যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

জুলাই সনদের মূল লক্ষ্য মানুষের অধিকার সচেতন করা : আলী রীয়াজ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:১৪ AM

জুলাই সনদের মূল লক্ষ্য মানুষের অধিকার সচেতন করা : আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝিয়ে দেওয়া। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের লক্ষ্যও এই অধিকার প্রতিষ্ঠা করা ছিল। তিনি বলেন, “৫৪ বছর পর আবার মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার সুযোগ এসেছে; আমরা হেলায় এটি হারাবো না।”

 বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, জুলাই সনদ নাগরিকদের ধর্মীয় অধিকার নিশ্চিত করবে, সমান অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করবে এবং সামাজিক ন্যায়বিচার ভিত্তিক সমাজ গড়বে।

আলী রীয়াজ উল্লেখ করেন, সংবিধানের ৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী সকল ক্ষমতার মালিক জনগণ, কিন্তু অতীতে জনগণকে বঞ্চিত রাখা হয়েছে। তাই আসন্ন গণভোটে হ্যাঁ দেওয়া সময়ের দাবি। তিনি আরও বলেন, সংবিধানের ৭০নং অনুচ্ছেদ সংস্কারের মাধ্যমে এমপিদের স্বাধীন মতপ্রকাশের সুযোগ বাড়ানো হবে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, গণভোটে হ্যাঁ দিলে সমাজে প্রতিটি সন্তান তার যোগ্যতা ও অর্জিত জ্ঞান অনুযায়ী সঠিকভাবে মূল্যায়িত হবে। অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা। বক্তৃতা করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পিউস কস্তা।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!