দীর্ঘ অপেক্ষার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি তিনি বরিশালে এক নির্বাচনী জনসভায় অংশ নেবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি জানান, ওই দিন দুপুর ১২টার দিকে বরিশাল নগরের ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।
শিরিন বলেন, রাজনৈতিক সফরের সময়সূচি নির্ধারণ–সংক্রান্ত দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের কাছ থেকে ২৯ জানুয়ারি দিবাগত রাতে ফোনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ৪ ফেব্রুয়ারির সফরসূচিই চূড়ান্ত। তিনি জানান, তারেক রহমান যশোর থেকে বরিশালের উদ্দেশে রওনা হবেন। তবে তিনি আকাশপথে নাকি সড়কপথে আসবেন—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে সফরকে কেন্দ্র করে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থীসহ বিভাগীয়, মহানগর ও বরিশাল বিভাগের আট জেলার নেতাদের প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে ২৬ জানুয়ারি তারেক রহমানের বরিশাল সফরের কথা থাকলেও তা এক দফা পিছিয়ে ২৭ জানুয়ারি করা হয়। পরে সেই তারিখও বাতিল হয়ে যায়। তখন নতুন কোনো সময়সূচি ঘোষণা করা হয়নি। সর্বশেষ এবার সফরের দিন চূড়ান্ত হলো।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফরে গিয়েছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। প্রায় দুই দশক পর এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরে যাচ্ছেন। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!