যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

শেরপুরের ঘটনায় দায় সরকারের ও বিএনপির: এনসিপি নেতা

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ AM

শেরপুরের ঘটনায় দায় সরকারের ও বিএনপির: এনসিপি নেতা

শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “সরকার এবং প্রশাসন একটি নির্দিষ্ট দলকে সব ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে, আজ শেরপুরের ঘটনা তারই ফল।”

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “জুলাই–আগস্টে দুই হাজার মানুষ শহীদ হওয়ার পর, স্বৈরতন্ত্রের পতনের পর আবারও রাজনীতি করতে গিয়ে কাউকে খুন হতে হবে, এমন আমরা কল্পনাও করতে পারি না।”

তিনি সরকারের পাশাপাশি বিএনপিকেও দায়ী করে বলেন, “গত দেড় বছরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে। আমরা বারবার সতর্ক করেছি, কিন্তু বিএনপি আমাদের কথা কানে নেয়নি। কানে নিলে আজ মাওলানা রেজাউল করিমকে এভাবে হত্যা হতে হতো না।”

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে এনসিপি নেতা বলেন, “তারেক রহমান দেশের সব জায়গায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পরিকল্পনার কথা বলছেন। কিন্তু নিজের নেতাকর্মীদের হাত থেকে মানুষকে রক্ষা করার পরিকল্পনা কী, তা আমরা জানি না। যদি মানুষই নিরাপদে থাকতে না পারে, তাহলে ফ্যামিলি কার্ড দিয়ে কী হবে?”


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!