চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (২৮ জানুয়ারি) রাতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নরুল আমিন খান আকাশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে ফরিদগঞ্জ উপজেলা যুবদল ও ফরিদগঞ্জ পৌর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত কমিটির স্থলে শিগগিরই নতুন কমিটি গঠনের বিষয়ে কেন্দ্রীয় পর্যায় থেকে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নরুল আমিন খান আকাশ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে সক্রিয় ভূমিকা না রাখায় কেন্দ্রীয় নেতৃত্ব এ সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে একই নির্বাচনকে কেন্দ্র করে গত শনিবার (২৭ ডিসেম্বর) চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদগঞ্জ উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
ওই বিজ্ঞপ্তিতে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিসহ সব ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের কথা উল্লেখ করা হয়। পরে নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!