বিএনপির চেয়ারপারসন তারেক রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রংপুর সফরে যাচ্ছেন। আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) তিনি রংপুরে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
দলের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর তিনি রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান ঢাকা থেকে বিমানে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন। রাজশাহীতে পৌঁছে তিনি শাহ মাখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর ২টায় রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। বিকেলে নাটোরের কাজীর মোড় এতিম মাঠে এবং সন্ধ্যায় বগুড়ার আলফাতুন্নেছা খেলার মাঠে পৃথক জনসভায় অংশ নেবেন তিনি। ওই রাতে বগুড়াতেই অবস্থান করবেন।
দলের কর্মসূচি অনুযায়ী, ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে আরও দুটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের।
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, তারেক রহমানের সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন—এটি রংপুরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, দলের প্রধানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। কালেক্টরেট মাঠের জনসভায় তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।
আরএ-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!