যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ইশরাক হোসেনের

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:৫৪ PM

নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ইশরাক হোসেনের

ঢাকা–৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে। ভোটাররা তাঁদের নানা নাগরিক সমস্যার কথা তুলে ধরছেন। এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিতেই তিনি ভোটারদের সঙ্গে কথা বলছেন।

আজ বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর ওয়ারী ৩৯ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, প্রচারণায় অংশ নিতে সাধারণ মানুষ নিজেরাই এগিয়ে আসছেন। অনেকেই দীর্ঘদিন ধরে ভোট দিতে না পারার কথা জানিয়েছেন। পাশাপাশি এই আসনে উল্লেখযোগ্য সংখ্যক নতুন ভোটার যুক্ত হয়েছেন। তিনি জানান, ঢাকা–৬ আসনে প্রায় ৫২ শতাংশ ভোটার নারী।

প্রচারণার সময় ভোটাররা তাঁকে সমর্থনের আশ্বাস দিচ্ছেন উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, ভোটাররা ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি বিএনপির পক্ষে আনতে চান বলে জানিয়েছেন। এ সময় তারা গ্যাস সংকটসহ বিভিন্ন দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরছেন এবং সমাধানের প্রতিশ্রুতি চাইছেন।

গ্যাস সংকটকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, যেখানে যাচ্ছেন সেখানেই গ্যাসের সংকটের অভিযোগ পাচ্ছেন। নির্বাচিত হলে এই সংকট নিরসনে কাজ করবেন বলে ভোটারদের আশ্বাস দেন তিনি।

এ ছাড়া জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা নাগরিক সমস্যা সমাধানের কথাও বলেন ইশরাক হোসেন। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বেকারত্ব দূরীকরণ নিয়েও ভোটারদের সঙ্গে আলোচনা করছেন বলে জানান তিনি।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!