যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

কালো টাকা, চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে : সাইফুল হক

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ AM

১০
কালো টাকা, চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে : সাইফুল হক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী সাইফুল হক নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে তেজগাঁও থানার ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি কালো টাকা, চাঁদাবাজি, সন্ত্রাস ও ধর্ম ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেন।

সাইফুল হক বলেন, “ঢাকা-১২ আসনে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ বা দখলবাজদের ঠাঁই হবে না। জনগণের ভোটে নির্বাচিত হলে এই আসনকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ নির্বাচনী এলাকায় পরিণত করব।”

তিনি নির্বাচন কমিশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, “কালো টাকার ছড়াছড়ি, ভয়ভীতি ও অবৈধ প্রভাব প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে জনগণকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ।”

সাইফুল হক আরও বলেন, “গত ১৭ বছরের জমে থাকা জঞ্জাল ও অন্যায়-অবিচার দূর করতে কোদাল প্রতীকই আমাদের হাতিয়ার। আপনারা সবাই আমার দূত হয়ে ঘরে ঘরে কোদাল মার্কারের বার্তা পৌঁছে দিন।”

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, চাঁদাবাজি-দখলবাজি বন্ধ, নিরাপদ বসবাস ও নাগরিক সেবার মানোন্নয়নের প্রতিশ্রুতি তার নির্বাচনী অঙ্গীকার।

উদ্বোধনী অনুষ্ঠানে তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, স্থানীয় নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!