যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

১২ তারিখের নির্বাচন জাতির টার্নিং পয়েন্ট : শফিকুর রহমান

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫৭ AM

১২ তারিখের নির্বাচন জাতির টার্নিং পয়েন্ট : শফিকুর রহমান

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে দুটি ভোট অনুষ্ঠিত হবে—গণভোট ও সাধারণ নির্বাচন।

সোমবার (২৬ জানুয়ারি) রাতের মাগুরা জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী সমাবেশে মাগুরা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ মানে স্বাধীনতা, ‘না’ মানে দাসত্ব। যুবসমাজ ইতিমধ্যেই অন্যায় ও আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না।”

তিনি অভিযোগ করেন, গত সাড়ে ১৫ বছর ধরে একটি সরকার দেশকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করেছে। অর্থনীতি ধ্বংসপ্রায়, বিচার বিভাগ কার্যত ভেঙে পড়েছে এবং সংবিধানিক প্রতিষ্ঠানগুলো কার্যহীন হয়ে গেছে। এছাড়া দেশীয় সম্পদ বিদেশে পাচার ও অর্থনৈতিক ক্ষতির দিকে ঠেলে দেওয়া হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে রাষ্ট্রের সব পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করা হবে। নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের সম্পদ প্রতিবছর জনগণের কাছে প্রকাশ করবেন। ধর্ম নির্বিশেষে সব নাগরিকের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে এবং আইনের চোখে সবাই সমান থাকবেন।

নারীদের উদ্দেশে তিনি বলেন, ক্ষমতায় এলে তাদের চলাফেরা, কর্মস্থলে মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং কোনো জালিমের দৃষ্টিও সইবে না। যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, সরকারী ভাতা নয়, দেশ গড়ার কাজ এবং সম্মানের চাকরি তাদের হাতে তুলে দেওয়া হবে।

সমাবেশ শেষে শফিকুর রহমান মাগুরার দুটি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। মাগুরা-১ আসনে আবদুল মতিন এবং মাগুরা-২ আসনে মো. মুশতারশেদ বিল্লাহ ওরফে এম বি বাকেরকে নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেওয়া হয়। তিনি উপস্থিত জনসাধারণকে প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে জামায়াতের পাশাপাশি জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!