বাংলাদেশ   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

“বিএনপিই বাংলাদেশের পক্ষের শক্তি” — চকরিয়ায় নির্বাচনী গণসংযোগে সালাহউদ্দিন আহমদ

মো: নাঈমুর রহমান

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:০৭ PM

১৭
“বিএনপিই বাংলাদেশের পক্ষের শক্তি” — চকরিয়ায় নির্বাচনী গণসংযোগে সালাহউদ্দিন আহমদ

সংগৃহীত

কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি।” তিনি দাবি করেন, যারা দেশের স্বার্থবিরোধী রাজনীতি করে তারা দেশ ছেড়ে পালিয়েছে। ভবিষ্যতে দেশে যেন আর কোনো স্বৈরশাসন বা ফ্যাসিবাদ ফিরে না আসে, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর-মানিকপুর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে সবার জন্যই খারাপ পরিণতি বয়ে আনবে— এমন মন্তব্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি বরাবরই মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করে এসেছে। শহীদদের স্বপ্ন অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দলটি প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের স্বাধীন ও নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এমন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে যাতে দেশের কোনো মানুষ দারিদ্র্যসীমার নিচে না থাকে। এ লক্ষ্যে একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানান তিনি।

তার বক্তব্য অনুযায়ী, নারীর ক্ষমতায়ন ও আর্থিক সচ্ছলতা বৃদ্ধির জন্য অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কৃষকদের জন্য থাকবে কৃষি কার্ড এবং সাধারণ মানুষের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে চালু করা হবে স্বাস্থ্য কার্ড, যার মাধ্যমে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়া সহজ হবে।

তিনি বলেন, “বিএনপি প্রতিশ্রুতি দেয়, এবং প্রতিশ্রুতি রক্ষা করে।”

গণসংযোগ কর্মসূচিতে আরও বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম এবং যুবদল সভাপতি মোহাম্মদ জাকারিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।

সালাহউদ্দিন আহমদ বিএনপি নির্বাচনী প্রচার চকরিয়া পেকুয়া আসন ধানের শীষ প্রার্থী বিএনপি অর্থনৈতিক প্রতিশ্রুতি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!