বাংলাদেশ   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে ক্ষমতার কাঠামো বদলাতেই এই নির্বাচন: নাহিদ ইসলাম

মো: নাঈমুর রহমান

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ১০:০৩ AM

১৭
ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে ক্ষমতার কাঠামো বদলাতেই এই নির্বাচন: নাহিদ ইসলাম

সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচন শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, বরং দীর্ঘদিনের ফ্যাসিবাদী ব্যবস্থার পর দেশের ক্ষমতার কাঠামো আমূল বদলানোর নির্বাচন—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার সকালে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঢাকা-১১ আসনে আয়োজিত এক গণমিছিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, “১৬ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার পর এবারের নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন। এক হাসিনা গিয়ে আরেক হাসিনা, এক চাঁদাবাজ গিয়ে আরেক চাঁদাবাজ আসার জন্য মানুষ ত্যাগ স্বীকার করেনি।”

তিনি আরও বলেন, এবারের নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল নয়; বরং রাষ্ট্র পরিচালনার কাঠামো সংস্কার করে জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার সুযোগ।

ঢাকা-১১ আসনের সমস্যা তুলে ধরলেন নাহিদ

গণমিছিলে বক্তব্য দিতে গিয়ে ঢাকা-১১ আসনের দীর্ঘদিনের নাগরিক সমস্যার কথাও তুলে ধরেন এনসিপির এই নেতা। তিনি বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস ও বিদ্যুৎ সংকট, চাঁদাবাজি এবং মৌলিক নাগরিক সেবার ঘাটতি বিদ্যমান।

নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানের পাশাপাশি এলাকায় চাঁদাবাজি সম্পূর্ণ নির্মূল করা হবে বলে আশ্বাস দেন তিনি।

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান

নাহিদ ইসলাম বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সময় এসেছে ভয় নয়, ভোটের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!