আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব রিটার্নিং কর্মকর্তাকে বলা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চলমান রয়েছে। এ প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী পোস্টার ছাড়া অন্যান্য অনুমোদিত মাধ্যম ব্যবহারে সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করতে হবে।
ইসি চিঠিতে আরও জানিয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কোনো ধরনের পোস্টার ব্যবহার না করার বিষয়টি কঠোরভাবে তদারকি করতে হবে। একই সঙ্গে নির্বাচনী পোস্টার মুদ্রণ না করার জন্য সংশ্লিষ্ট প্রিন্টিং প্রেসগুলোকে নির্দেশনা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে বলা হয়েছে।
নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য সব রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!