যুক্তরাষ্ট্র   রবিবার ৫ এপ্রিল ২০২৬, রবিবার ২১ চৈত্র ১৪৩২

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ AM

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা বলেছেন, সরকার এমন একটি দুর্নীতি দমন কমিশন (দুদক) চায়, যার কমিশনাররা সরকারের নেক নজরের ওপর নির্ভরশীল থাকবেন। তিনি বলেন, যে প্রতিষ্ঠান সরকারের দয়ায় গঠিত হয়, সেটি কখনো সরকারি দলের দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারে না।

শনিবার দুপুরে ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি আরও উল্লেখ করেন, সরকার দুদক সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করতে চাইছে। এর মূল কারণ হিসেবে তিনি দুটি বিষয় তুলে ধরেছেন—

১. অধ্যাদেশে দুদককে প্রাথমিক অনুসন্ধান ছাড়াই অর্থ পাচার বা বড় দুর্নীতির ক্ষেত্রে সরাসরি মামলা বা এজাহার করার ক্ষমতা দেওয়া হয়েছিল। সরকার এটিকে সংবেদনশীল বলে দেখছে।

২. দুদককে দলীয় প্রভাবমুক্ত করার জন্য একটি স্বাধীন বাছাই কমিটি গঠনের প্রস্তাব ছিল। সরকার এটি নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা দেখাচ্ছে।

ডা. তাসনিম জারা বলেন, সাধারণ নাগরিক যখন কোনো ছোট চুরির অভিযোগ নিয়ে থানায় যায়, তখন সরকারের সংবেদনশীলতা প্রযোজ্য হয় না। কিন্তু দেশের কোটি কোটি টাকা পাচার হলে সরাসরি মামলা করা সংবেদনশীল হয়ে যায়। তিনি বলেন, এটি প্রমাণ করে যে, সরকার এমন একটি দুদক চায় যা তাদের দায়িত্ব পালন করবে না।

তিনি আরও বলেন, দুদককে নখদন্তহীন করে রাখার পুরোনো সংস্কৃতিতে ফিরে যাওয়া কোনোভাবেই রাষ্ট্রের শুভবুদ্ধির পরিচায়ক হতে পারে না। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পদক্ষেপ নিতে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!