আগামী ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী নতুন আঙ্গিকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হবে। এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী জানান, স্বাধীন বাংলাদেশে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ১৯৭৬ সালে শুরু হয়েছিল। কিছু বছর বন্ধ থাকার পর এটি আবার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে চালু হয়েছে। এবার সিলেট থেকে শুরু করে পুরো দেশে নতুন পরিসরে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।
আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়াভাতা প্রদান ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান সময়ে ক্রীড়া শুধু শখ বা বিনোদন নয়, এটি পেশা হিসেবে বিশ্বমঞ্চে স্বীকৃতি পাচ্ছে। বাংলাদেশও পিছিয়ে থাকবে না।”
তিনি আরও বলেন, “যে খেলায় খেলোয়াড় ভালো করতে পারবে, আনন্দ পাবে, সেই খেলাকে পেশা হিসেবে গ্রহণ করতে পারবে। আমরা নিশ্চিত করছি, একজন খেলোয়াড় যেন নিজের ও পরিবারের জন্য অর্থনৈতিক অনিশ্চয়তায় না ভোগে। সেই লক্ষ্যে ধারাবাহিকভাবে বেতন কাঠামোর আওতায় ক্রীড়াবিদদের ক্রীড়াভাতা প্রদান শুরু হয়েছে। এটি দেশের ইতিহাসে প্রথমবার।”
প্রধানমন্ত্রী মন্তব্য করেন, “২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের আনুষ্ঠানিক সূচনা হলো।”
এই নতুন পরিসরের মাধ্যমে দেশের শিশু-কিশোররা ক্রীড়ার মাধ্যমে প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন এবং পেশাগতভাবে ক্রীড়া জীবনে উন্নতি করতে পারবেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!