রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে—এমন কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না।
শনিবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘এভাবে রাস্তা বন্ধ করা যাবে না। স্বাভাবিকভাবে আমাদের অফিসে আসতে হবে, যাতে সবকিছু স্বাভাবিকভাবে চলে। আমি অফিসে আবারও আসব। কিন্তু রাস্তা বন্ধ করা হলে আমার পক্ষে আসা সম্ভব হবে না।’
তিনি নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, তাঁকে যদি পল্টন কার্যালয়ে দেখতে চান, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে এবং মানুষের চলাচলে কোনো বাধা দেওয়া যাবে না। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে রাস্তা পরিষ্কার করার নির্দেশও দেন।
দেশের মানুষের দুর্ভোগের বিষয়টি উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশে নানা সমস্যা রয়েছে। তাই নেতা-কর্মীদের আইনের মধ্যে থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং এমন কোনো কাজ করা যাবে না, যাতে মানুষের কষ্ট বাড়ে।
সবশেষে তিনি উপস্থিত নেতা-কর্মীদের রাস্তা খুলে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের সহযোগিতা থাকলে আমি নিয়মিত অফিসে আসতে পারব, নচেৎ পারব না। আমরা দেশের মানুষের সমস্যার কারণ হতে চাই না।’
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!