শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত এমকে ফুটওয়্যার পিএলসি চীনের জিনজিয়াং আকিয়া স্পোর্টস কোম্পানি লিমিটেড-এর সঙ্গে একটি রপ্তানি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী কোম্পানিটি প্রতি বছর ন্যূনতম ১০ লাখ জোড়া জুতা সরবরাহ করবে।
কোম্পানিটি জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে বছরে ৮ থেকে ১০ মিলিয়ন ডলার পর্যন্ত রপ্তানি আয় হতে পারে। সরবরাহিত জুতা পারস্পরিকভাবে নির্ধারিত নকশা ও স্পেসিফিকেশনের সঙ্গে মিলিয়ে উৎপাদিত হবে। এমকে ফুটওয়্যার চুক্তি সফলভাবে বাস্তবায়নের জন্য আলাদা উৎপাদন সক্ষমতা নির্ধারণ করবে। চুক্তিতে পণ্যের মান, উৎপাদন সময়সূচি, অর্থপ্রদানের শর্তসহ অন্যান্য বাণিজ্যিক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, এই চুক্তি বাস্তবায়িত হলে তাদের রপ্তানি কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।
চুক্তির ঘোষণার পর বুধবার (২৫ মার্চ) এমকে ফুটওয়্যারের শেয়ারদর ৩ শতাংশ বেড়ে ৮৮ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে, যা বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাবের ইঙ্গিত দেয়।
এছাড়া, ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮ কোটি ৭৯ লাখ টাকা এবং নিট মুনাফা ১১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮ কোটি ৭৬ লাখ টাকা হয়েছে। মুনাফার একটি বড় অংশ এসেছে শেয়ারবাজারে বিনিয়োগ থেকে। পূর্বে কম দামে কেনা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার বিক্রি করে প্রতিষ্ঠানটি ৬ কোটি ৩৭ লাখ টাকা আয় করেছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য উদ্যোক্তা ও পরিচালক ছাড়া অন্যান্য শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!