যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার ১১ চৈত্র ১৪৩২

সাত দিনের ছুটি শুরু, ঘরমুখো মানুষের ঢল

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ০৬:০৩ AM

১৬
সাত দিনের ছুটি শুরু, ঘরমুখো মানুষের ঢল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার থেকে। শেষ কর্মদিবস ছিল সোমবার। বিকেল গড়াতেই রাজধানী ছাড়তে শুরু করেন ঘরমুখো মানুষ, যার প্রভাব পড়ে বাস, লঞ্চ ও ট্রেন টার্মিনালগুলোতে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ সম্ভাব্য তারিখ সামনে রেখে আগেই ছুটির সূচি নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নির্ধারিত সূচি অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি ছিল। এর মধ্যে ঈদের দিন ২১ মার্চ সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এর সঙ্গে অতিরিক্তভাবে ১৮ মার্চও ছুটি ঘোষণা করা হয়। আর ১৭ মার্চ শবে কদর–এর ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের অবকাশ পেয়েছেন।

এর আগে ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ১৮ মার্চ ছুটি দেওয়ার দাবি ওঠে। বিষয়টি বিবেচনায় নিয়ে ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব করা হয়। পরে ৮ মার্চ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তবে এই দীর্ঘ ছুটির আওতার বাইরে থাকছে জরুরি সেবা। বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিযোগাযোগ ও ডাকসেবা অব্যাহত থাকবে। একই সঙ্গে হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা ও সংশ্লিষ্ট কর্মীরাও দায়িত্ব পালন করবেন।

ছুটি শুরুর সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে মানুষের চাপ বাড়তে শুরু করেছে, ফলে মহাসড়ক ও টার্মিনালগুলোতে বাড়ছে ভিড়।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!