যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:০৪ AM

জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষায় লেথাল ওয়েপন (মারণাস্ত্র) ব্যবহার করবে না জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।

শনিবার (৩১ জানুয়ারি ) বেলা সাড়ে ১১টায় মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের অস্থায়ী বেস ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্ন ভোটের পরিবেশ নিশ্চিত করতে বিজিবি দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করেছে।

দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫ উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়া ঝুঁকি বিবেচনায় ৩০০টি সংসদীয় আসনে মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে বিজিবি দায়িত্বে থাকবে।

নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‍্যাপিড অ্যাকশন টিম (আরএটি), কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াডও প্রস্তুত থাকবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল আবুল এহসান বলেন, “নির্বাচনে কোনো ধরনের শঙ্কা দেখছি না। মহাপরিচালকের নির্দেশ অনুযায়ী কোনো লেথাল ওয়েপন ব্যবহার করা হবে না।” তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে বেস ক্যাম্পের মোবাইল নম্বর বা নির্বাচন কমিশনের সুরক্ষা অ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যাবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!