বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিশাল জনসভায় বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়া দেশের নাগরিকদের নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, “আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেটাকে সম্মান করতে হবে। তাই ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ ভোট দিন।” জনসভায় তারেক রহমান স্মরণ করিয়ে দেন, রংপুর আবু সাঈদের পবিত্র রক্ত মেশানো মাটি। এখানে ও দেশের অন্যান্য অঞ্চলে শহীদরা জীবন উৎসর্গ করেছেন। “এই সনদ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব,” বলেন তিনি।
রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, কৃষি প্রধান অঞ্চল হিসেবে রংপুর-দিনাজপুরে কৃষিজাত পণ্যের শিল্পকারখানা গড়ে তোলা হবে, ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেয়া হবে এবং স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে কর ছাড়ের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “দেশের পরিবর্তন আনতে হলে দুর্নীতির টুটি চেপে ধরতে হবে। ১৬ বছরের মেগা দুর্নীতির বিচার করতে হবে। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে।”
কৃষক ও নারীর কল্যাণেও বিএনপির পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ক্ষমতায় এলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে এবং ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা হবে। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক (রংপুর) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
তারেক রহমান পরে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!