২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কমিশনের ব্যুরো নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরো গঠন করা হয়। এতে মরক্কো সভাপতি এবং বাংলাদেশসহ জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়। জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা। সংঘাত-পরবর্তী দেশগুলোতে শান্তি বজায় রাখা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংস্থাকে পরামর্শ ও সমন্বয় সহায়তা দিয়ে থাকে এই কমিশন।
সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘের শীর্ষ সৈন্য ও আর্থিক অবদানকারী দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত এ কমিশনের মোট সদস্য রাষ্ট্র সংখ্যা ৩১। ২০০৫ সালে কমিশনটি প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এর সদস্য হিসেবে রয়েছে। এর আগে বাংলাদেশ ২০১২ ও ২০২২ সালে শান্তি বিনির্মাণ কমিশনের সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে।
পিবিসির ২০তম অধিবেশনের প্রথম সভায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির প্রতিনিধি এবং মহাসচিবের পক্ষে তাঁর চিফ অব স্টাফ উপস্থিত ছিলেন। তাঁরা শান্তি বিনির্মাণ কমিশনের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
এ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধিদল এই দায়িত্ব পালনের জন্য বাংলাদেশকে নির্বাচিত করায় কমিশনের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। পাশাপাশি জাতিসংঘের শান্তি বিনির্মাণ উদ্যোগ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় সক্রিয়ভাবে যুক্ত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।
সূত্র: ইউএনবি
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!